ইতালির রোমের অদূরে এক মক্তবে শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ এক বাংলাদেশি ইমামকে গ্রেফতার করেছে এবং তাকে ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) আদালত প্রাঙ্গণ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় একজন প্রবাসী বাংলাদেশি দোভাষী এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত ইমাম মক্তবে শিশুদের কোরআন ও আরবি শিক্ষা দেওয়ার সময় বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর চড়াও হন। পড়া না পারা বা অন্য কোনো অজুহাতে তিনি শিশুদের কান ধরে টানা, চড় মারা এবং লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুরা পরে তাদের নিজ নিজ স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে বিস্তারিত জানায়। স্কুলের শিক্ষকরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ইমামকে গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী দোভাষী জানান, ইতালির আইন অনুযায়ী শিশুদের গায়ে হাত তোলা বা যেকোনো ধরনের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া অত্যন্ত গুরুতর এবং দণ্ডনীয় অপরাধ। ইতালির আইনি কঠোরতা এবং গোপনীয়তা রক্ষার স্বার্থে অভিযুক্ত ইমামের নাম এবং সুনির্দিষ্ট শহরের নাম প্রকাশ করা হয়নি। তিনি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ইমাম ও মক্তব শিক্ষকদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, 'আপনারা যারা ইতালিতে বিভিন্ন মসজিদে বা মক্তবে শিশুদের আরবি ও দ্বীনি শিক্ষা দিচ্ছেন, তারা অত্যন্ত যত্ন ও ধৈর্যের সাথে এই দায়িত্ব পালন করুন। কোনো অবস্থাতেই শিশুদের গায়ে হাত তোলা যাবে না। শিশুরা স্কুলে গিয়ে এমন কোনো অভিযোগ করলে প্রশাসন সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেবে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।' তিনি সবাইকে ইতালির আইন-কানুন মেনে ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।